প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে দেশের দক্ষিণাঞ্চল অতিক্রমের সময় খুলনা ও পটুয়াখালীতে দুইজনের মৃত্যু হয়েছে।

পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরায় ঘরের দেয়ালচাপায় হামেদ ফকির (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আর খুলনার দাকোপ উপজেলায় গাছচাপায় প্রমিলা মণ্ডল (৫২) নামের এক নারীর মত্যু হয়েছে। প্রমিলা দাকোপ উপজেলার দক্ষিণ দাকোপ গ্রামের সুভাষ মণ্ডলের স্ত্রী।

রোববার (১০ নভেম্বর) ভোররাত ও সকালে এ পৃথক ঘটনা ঘটে।

পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার এবং খুলনার দাকোপ থানার ওসি মোকাররম হোসেন ওপরে উল্লেখিত ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।

খুলনার দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াদুদ বলেন, রাতে প্রমীলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে ছিলেন। সকাল ৯টা-সাড়ে ৯টার দিকে নিজের বাড়িতে যান তিনি। এ সময় একটি গাছ তাঁর ওপর পড়লে তাতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

অন্যদিকে, পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার বলেন, উপজেলার উত্তর রামপুরা গ্রামে ঘর ভেঙে চাপা পড়ে হামেদ ফকির নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড়ে জেলার আরো কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন স্থান থেকে ক্ষয়ক্ষতির খবর আসছে।

এম