জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের মরদেহ বুয়েটে রাখা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় মরহুমের লাশবহনকারী গাড়ি বুয়েটের আর্কিটেক্ট ডিপার্টমেন্টের সামনে রাখা হয়।
সেখানে শিক্ষার্থী ও সহকর্মীদের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সর্বস্তরের মানুষ শহীদ মিনারে শেষবারের মত শ্রদ্ধা জানাবে এই গুণী ব্যক্তিকে।
এর আগে গত সোমবার রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। ওই দিন বিকেলে সৈয়দ মাইনুল হোসেনের মরদেহ মোহাম্মদপুরে মারাকাত মসজিদে নেওয়া হয়।
সেখানে গোসল করানোর পর তার মরদেহ শান্তিনগরের বাসায় নেওয়া হয়। সেখানে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়।
প্রয়াত মাইনুল হোসেনের খালাতো ভাই ইফতেখার রহমান জানান, মাইনুল হোসেনের বোন ও মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। তারা আগামী দেশে ফিরলে বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন হবে।
১৯৫২ সালের ৫ মে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ীর দামপাড়াগ্রামে জন্মগ্রহণ করেন।
এসএইচ





