রাজধানী ঢাকার নাম পরিবর্তন করে মুজিবনগর করার দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে ন্যাপ ভাসানী, জাতীয় গণতান্ত্রিক লীগ ও কাজী আরেফ ফাউন্ডেশন।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০১৪ পালন উপলক্ষে এ দাবি জানানো হয়।

মানববন্ধন থেকে বলা হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম পরিবর্তন করে মুজিবনগর করতে হবে।

ন্যাপ ভাসানীর সভাপতি মুসতাক আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি আব্দুল করিম, স্বাধীনতা পরিষদের সভাপতি দুলু, প্রোগেস পার্টির মহাসচিব মো. নোমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পদক অরুন সরকার রানা, গণঅধিকার পার্টির সভাপতি হোসেন মোল্লা প্রমুখ।

সমাবেশ ও মানববন্ধন থেকে বক্তরা বলেন, বঙ্গবন্ধুর অবদানের কারণে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাই এ নেতার প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর নাম পরিবর্তন করে মুজিবনগর করতে হবে।

বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে বক্তরা বলেন, আগস্ট মাস শোকের মাস। তাই এ মাসে বানোয়াট জন্মদিন পালন করে নিজেকে হাসি ঠাট্টার বস্তুতে পরিণত করবেন না।

ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ