গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার আরেক ‘মাস্টার মাইন্ড’ মারজানের পরিচয় পেয়েছে পুলিশ। তার নাম নুরুল ইসলাম মারজান (২৩)। গ্রামের বাড়ি পাবনার সদর থানার পৌরসভার পাইটকাবাড়ি। মারজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তার বাবার নাম নিজাম উদ্দিন মারজান, মা সালমা খাতুন।
তার নাম পরিচয় শনাক্ত হওয়ার পর সোমবার সন্ধ্যায় পুলিশ মারজানের বাবা নিজাম উদ্দিন মারজানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পাবনার পুলিশ সুপার আলমগীর কবীর জানান, প্রায় তিন বছর ধরে মারজান পরিবার থেকে নিখোঁজ রয়েছে।
তবে মারজানের ছোট বোন আফিয়া সুলতানা আয়েশা জানান, আট মাস ধরে সে নিখোঁজ। এ বছরের জানুয়ারি মাসে তার খালাতো বোন প্রিয়তীর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর বউকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে চলে যায়। এরপর থেকে কোন যোগাযোগ নেই। এ বিষয়ে থানায় কোনও জিডিও করা হয়নি। পাঁচ বোন ও পাঁচ ভাইদের মধ্যে মারজান দ্বিতীয়।
গত ১ জুলাই হলি আটির্জানে জঙ্গি হামলার পর পুলিশ এ হামলার মাস্টারমাইন্ড হিসেবে মেজর (চাকরিচ্যূত) সৈয়দ জিয়াউল হক, কানাডা প্রবাসী তামিম আহমেদ চৌধুরী ও মারজানের নাম প্রকাশ করে। জিয়া ও তামিমের বিস্তারিত পরিচয় জানা গেলেও পুলিশের কাছে মারজানের পরিচয় নিয়ে ধোঁয়াশা ছিল।
পুলিশ মারজানের ছবি প্রকাশ করার পর সোমবার পাবনা থেকে মারজানের পরিবারের নাম-পরিচয় শনাক্ত করে।
এমএনজে





