ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহবুবুর রহমান (৩০) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলগেট এলাকায় বহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার মাওলানা ফজলুর রহমানের ছেলে। তিনি সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাহবুবুর রহমানের প্রেমিকাকে (২৫) আটক করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ভোরে শহরের রেলগেট এলাকায় দুর্বৃত্তরা মাহবুবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় মাহবুব ফোনে তার প্রেমিকাকে ছুরিকাঘাতের বিষয়টি জানায়। তিনি ঘটনাস্থলে গিয়ে মাহবুবকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার প্রেমিকাকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
এএইচ





