আসন্ন এসএসসি পরীক্ষা কালিহাতীতে নকলমুক্ত করার ঘোষণা দিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ।

তিনি বলেন নকল করে এমএ, এমবিএ পাস করে দেশের সেবা করা যায় না,প্রকৃত শিক্ষা অর্জন করা যায় না । তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন আজ আমরা যে মঞ্চে বসে কথা বলছি প্রকৃত শিক্ষা অর্জন করলে তোমরাও একদিন আমাদের এখানে, কিংবা আমাদেরকেও ছাড়িয়ে যাবে ।

এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংর্বধনায় আয়োজিত অনুষ্ঠানে বুধবার ( ২৮জানুয়ারি ) এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, অধ্যাপক শংকর দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ ফজলুল হক, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুুল করিম।

এসময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ ।

এসএইচ