রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আজ বুধবার কক্সবাজার যাচ্ছেন ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) ২০ সদস্যের একটি প্রতিনিধি দল।
ওআইসি'র অন্তর্ভুক্ত সংসদীয় ইউনিয়নের ২০ সদস্যের প্রতিনিধিদলটি সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন এ তথ্য জানিয়েছেন।
কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিনিধিদল বুধবার সকালে বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে ইউনিএইচসিআর’র ট্রানজিট সেন্টারে যাবেন এবং সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন।
পরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে অবস্থিত রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য নির্মিত ট্রানজিট সেন্টার পরিদর্শন করবেন। সেখান থেকে ফিরে বেলা সাড়ে ১১টার দিকে কুতুপালং ডি-৪ ব্লকে রোহিঙ্গাদের নিয়ে ব্রিফিং করার কথা রয়েছে। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকে অবস্থিত ইউএনএফপিএ’এর নারীবান্ধব কেন্দ্রে নির্যাতিত রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলবেন। একই সঙ্গে ডি-৪ ব্লকে ইউনিসেফ’র শিশুবান্ধব কেন্দ্রগুলো পরিদর্শন করার কথা রয়েছে।
বিকাল ৩টার দিকে কক্সবাজারে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হওয়ার পর ঢাকার উদ্দেশে রওনা দিবেন তারা।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, ‘২০ সদস্যের ওআইসি’র প্রতিনিধিদলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুলিশি নিরাপত্তায় প্রতিনিধিদলটি রোহিঙ্গা ক্যাম্পের সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করবেন।’
উল্লেখ্য, মিয়ানমারে জাতিগত নিধনের স্বীকার হয়ে এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পগুলোতের আশ্রয় নিয়েছে প্রায় ১২ লাখ রোহিঙ্গা।
জেড





