জয়পুরহাটের জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদসহ জেলা জামায়াতের ৮ শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালের দিকে জেলার হরিপুর গ্রাম থেকে বৈঠক চলাকালে তাদের আটক করা হয়।

আটককৃত জামায়াতের অন্য নেতাকর্মীরা হলেন-জেলার জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন, কালাই উপজেলা জামায়াতের আমির তাইফুল ইসলাম ফিতা, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমির তসলিম উদ্দীন, সেক্রেটারি সুজাউল ইসলাম, রোকন আব্দুল আলীম, আব্দুল বাতেন ও জামায়াতেরকর্মী জোবায়ের হোসেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) বেলায়েত হোসেন জানান, হরিপুর গ্রামে জামায়াতের রোকন আব্দুল বাতেনের বাড়িতে ভোরে জেলা জামায়াতের শীর্ষ নেতারা গোপনে একত্রিত হয়ে বৈঠক করছেন এমন খবর পেয়ে সকাল ৯টার দিকে ওই গ্রামে আকস্মিক অভিযান চালাই। সেখান থেকে জেলা জামায়াত আমির ফজলুর রহমান সাঈদসহ জামায়াতের জেলা পর্যায়ের শীর্ষ ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

২০ দলের ইতোপূর্বের অবরোধ-হরতাল কর্মসূচি পালনের সময় জেলায় রেললাইন উপড়ানো, বাড়িতে ও গাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুরসহ নাশকতামূলক ঘটনায় গ্রেফতারকৃতদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে দাবি পুলিশের।

ইআর