জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক পরীক্ষার ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ (সোমবার) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সরকার আলী আক্কাসকে আহ্বায়ক করা হয়েছে।

এ ছাড়া, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানকে সদস্য করা হয়।

বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৩ অক্টোবর অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ অন্তর্ভুক্ত) ভর্তি পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয় বলে গণমাধ্যমে খবর বের হয়।

বিষয়টি খতিয়ে দেখে একটি প্রতিবেদন প্রদানের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এমবি