রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নয়নাভিরাম সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি রিসোর্ট, দুটি রেস্টুরেন্ট ও একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে অবকাশ রিসোর্টের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই জানান, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোর রাত ৪টায় অবকাশ রিসোর্ট থেকে প্রথমে আগুনের সূত্র হয়। পরে মুহূর্তেই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে অবকাশ রিসোর্ট, সাজেক ইকোভ্যালি রিসোর্ট, মেঘ ছুট রিসোর্ট, মনটানা রিসোর্ট, মারুতি রেস্টুরেন্ট, জাকারিয়া লুসাইয়ের বাসাসহ নির্মাণাধীন একটি রিসোর্ট পুড়ে যায়।

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। সেনাবাহিনীর সহায়তায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে।

তিনি আরও বলেন, দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। গভীর রাতে আগুনের সূত্র পাত হওয়ায় পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের সংবাদ পাওয়া যায়নি। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দুই ঘন্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এবিএস