সম্মাননা ক্রেস্টে স্বর্ণ জালিয়ালির ঘটনায় ‘বিতর্কিত’ সচিব কে এইচ মাসুদ সিদ্দিকীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আগামী ৩০ অক্টোবর মাসুদ সিদ্দিকীর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা। মুক্তিযোদ্ধা হিসাবে চাকরির মেয়াদ এক বছর বাড়াতে গত বছর তিনি নিজের মন্ত্রণালয় থেকে ‘মুক্তিযোদ্ধা সনদ’ নেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেয় সরকার৷ সম্মাননা স্মারক হিসাবে সরকারের তরফ থেকে এই বিদেশি বন্ধুদের একটি করে ক্রেস্ট দেয়া হয় যাতে এক ভরি স্বর্ণ ও ৩০ ভরি করে রুপা থাকার কথা ছিল৷

কিন্তু বিএসটিআইয়ের পরীক্ষায় দেখা যায়, ক্রেস্টে এক ভরির জায়গায় সোয়া তিন আনা স্বর্ণ এবং রুপার বদলে ৩০ ভরি পিতল, তামা ও দস্তা দেয়া হয়েছে৷
ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি জালিয়াতির জন্য সচিব মাসুদ সিদ্দিকীকে দায়ী করেছে বলেও গণমাধ্যমে খবর আসে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার মাসুদ সিদ্দিকীকে ওএসডি করার আদেশ দিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ হান্নানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করার কথা জানিয়েছে।

১৯৮২ সালের নিয়মিত ব্যাচের কর্মকর্তা মাসুদ ২০১০ সালের মে থেকে ২০১২ সালের ৫ সেপ্টেম্বর পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পান তিনি।

তার আগে অতিরিক্ত সচিব হিসাবে যোগাযোগ মন্ত্রণালয়ে এবং বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান হিসাবেও তিনি দায়িত্ব পালন করেন।
১৯৫৫ সালের ১ নভেম্বর নেত্রকোনায় জন্ম নেয়া মাসুদ স্নাতকোত্তর ডিগ্রি নেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পরে তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি নেন।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই