পিরোজপুর- বরিশাল সড়কের রানীপুর নামক স্থানে বৃহস্পতিবার রাত তিনটার দিকে সড়ক দুর্ঘটনায় তুহিন আকুঞ্জি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার স্ত্রী ফারজানা ফেরদৌসী নিশা আহত হন।

নিহত তুহিন খুলনার দোলখোলা টুটুপাড়া এলাকার মৃত আব্দুল রশীদ আকুঞ্জির ছেলে।

নিহতের ভাই তিতাস আকুঞ্জি অভিযোগ করে বলেন, ‘তার ভাইকে মোটরসাইকেল থেকে তার ভাবী ফারজানা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যা করেছে।’

তিনি জানান, তুহিনের সঙ্গে ফারজানার ডিভোর্স হয়েছে। এ ছাড়া তুহিনের আগের স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে। এ বিষয়ে তারা আইনের আশ্রয় নেবেন।

পিরোজপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘বিষয়টি একটি দুর্ঘটনা। এ বিষয়ে শুক্রবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মৃতের ভাই ও আত্মীয়স্বজনের অভিযোগের বিষয়টি লিখিত আকারে পেলে তদন্ত করে দেখা হবে। রাতে পুলিশ মোটরসাইকেল আরোহীদের দাঁড়ানোর নির্দেশ দিলে তারা তা অম্যান্য করে চলে যায়। পরে তাদের পিছু নিয়ে বেকুটিয়া ফেরিঘাটে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে থানায় নিয়ে আসার পথে তারা দ্রুত গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করার কারণেই দুর্ঘটনার শিকার হয়। পরে টহল পুলিশের দল ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

কেএইচ