ফেনী, ময়মনসিংহ, বরিশাল ও যশোরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন।

শনিবার দিনগত রাত দুইটা থেকে সাড়ে তিনটার মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা মাদক ব্যবসা এবং চোরা কারবারির সঙ্গে জড়িত বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহতরা হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠান গড় গ্রামের আব্দুস ছালামের ছেলে আলমগীর হোসেন ভূইয়া (৩৩), ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকার রিয়াজুল ইসলাম বিপ্লব (৪০) এবং যশোর ও বরিশালে দুই অজ্ঞাত যুবক।

ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম পাঠান গড় এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আলমগীর হোসেন ভূইয়া নিহত হয়েছেন।

ছাগলনাইয়া থানার ওসি এম মোর্শেদ জানান, নিহত আলমগীর হোসেন ভূইয়া এলাকার চিহ্নিত মাদক চোরা কারবারি। তার বিরুদ্ধে ফেনী সদর, ফুলগাজী ও ছাগলনাইয়া থানায় নয়টি মামলা রয়েছে।

তিনি জানান, ছাগলনাইয়ার পশ্চিম পাঠান গড় এলাকায় মাদকের একটি বড় চালান যাওয়ার খবরে পুলিশের একটি দল রাতে সেখানে অভিযানে যায়।

উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থামার পর সেখান থেকে আলমগীরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ।

ফেনী জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন ও মতিয়ার রহমান নামে পুলিশের দুই এএসআই আহত হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক, তিন রাউন্ড গুলি, এক হাজার ইয়াবা ও শতাধিক বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বলেও জানান ওসি।

ময়মনসিংহ: ময়মনসিংহের মাসকান্দা এলাকার গনশার মোড়ে শনিবার দিনগত রাত দুইটার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রিয়াজুল ইসলাম বিপ্লব নিহত হয়েছেন। ডিবির দাবি, বিপ্লব শহরের শীর্ষ সন্ত্রাসী এবং চিহ্নিত চোরা কারবারি ছিলেন।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের এসআই পরিমল দাস জানান, মাসকান্দা এলাকায় কয়েকজন মাদক কারবারি একটি চালানের ভাগাভাগি করছে- খবর পেয়ে ডিবির একটি দল সেখানে অভিযানে যায়।

উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে গুলিবিদ্ধ অবস্থায় বিপ্লবকে আটক করে পুলিশ।

পরে গুলিবিদ্ধ বিপ্লবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধের সময় রাশেদুল ও কাওছার নামে দুই কনস্টেবল আহত হয়েছেন। পুলিশ হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন, ২০০টি ইয়াবা, তিনটি গুলির খোসা ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে বলেও জানান এসআই পরিমল।

বরিশাল: বরিশাল সদর উপজেলার শায়েস্থাবাদ এলাকায় ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শনিবার দিনগত সাড়ে তিনটার দিকে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।

বরিশাল মহানগর ডিবির সহকারী কমিশনার নাছির মল্লিক জানান, সম্প্রতি শায়েস্তাবাদে ডাকাতি বেড়ে গেছে। এজন্য শনিবার রাত আড়াইটার দিকে আইচা গ্রামে পুলিশের একটি দল টহল দিতে যায়।

পথে কয়েকজনকে দেখতে পেয়ে তাদের পরিচয় জানতে চায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা পিছু হটে। ঘটনাস্থল থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে একটি রামদা, একটি পাইপগান ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান নাছির মল্লিক।

যশোর: এদিকে যশোরে শহরতলীর সুজলপুরে কথিত বন্দুকযুদ্ধে প্রায় ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে।

তার পরনে একটি সাদা রঙের ওপর স্ট্রাইপ লুঙি রয়েছে, খালি গা। গুলিতে মুখমন্ডল বীভৎস আকার ধারণ করায় চেনার উপায় নেই।

পুলিশের দাবি, দুই দল মাদক ব্যবসায়ীর সাথে গোলাগুলিতে ওই যুবক মারা গেছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

কোতয়ালী থানার ওসি আজমল হুদা বলেন, শনিবার রাতে পুলিশের কাছে খবর আসে যে, যশোর-ছুটিপুর সড়কের আকবর মিয়ার রড ফ্যাক্টরির পাশে মাদক ব্যবসায়ী দুই পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে। খবর শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ওইসময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনে। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ওসির দাবি, পুলিশ ঘটনাস্থল থেকে ৫০০ পিস ইয়াবা, একটি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি ও ৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

এর আগের রাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অভয়নগরের তিন মাদক ব্যবসায়ী নিহত হন।

 

জেড