গাইবান্ধায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৬ কর্মীসহ ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, জেলার সদর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা ও চুরি, ছিনতাইসহ অপরাধমূলক মামলায় ১৮ জন ও নাশকতার আশঙ্কায় ৬ জনকে গ্রেফতার করা হয়। তবে তাদের নাম জানাতে পারেননি তিনি।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, নাশকতার আশঙ্কায় ৬ জন ও অন্যান্য অপরাধমূলক মামলায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।
কেএইচ





