জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত সদস্যদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী।
সোমবার (২০ অক্টোবর) তেজগাঁও বিমানবন্দরে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (এমওএনইউএসসিও) কন্টিনজেন্টের ৩৫৮জন সদস্য প্রতিস্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। এ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শান্তিরক্ষীদের উদ্দেশে বিমান বাহিনী প্রধান বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত সদস্যদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
আন্তরিকভাবে দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকাস্থ এয়ার অফিসার এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিশেষে মিশনের সাফল্য কামনায় এক বিশেষ মোনাজাতে অংশ নেন বিমান বাহিনী প্রধান।
এ মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর ৩টি কন্টিনজেন্ট (ইউটিলিটি এভিয়েশন ইউনিট, এয়ারফিল্ড সার্ভিসেস ইউনিট ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট) এর মোট ৩৫৮ জন সদস্য এবং ১টি সি-১৩০ পরিবহন বিমান, ৬টি এমআই-১৭ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট রয়েছে।
জেআই





