পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, আগামী অর্থবছরে (২০১৫-১৬) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

চলতি অর্থবছরে এডিপির আকার ছিল প্রথমে ৮০ হাজার ৩১৫ কোটি টাকা। পরে সংশোধন করে তা ৭৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়। সংশোধিত এডিপি এরই মধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় অনুমোদিত হয়েছে।

সোমবার বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ২০ মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘চলমান প্রকল্পসহ নতুন প্রকল্পের জন্য আগামী অর্থবছরে কমপক্ষে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন। এর বাইরে ফার্স্ট ট্র্যাকভুক্ত বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়নে রয়েছে।

আগামী অর্থবছরে এসব প্রকল্পের বাস্তবায়ন দৃশ্যমান হবে। এসব প্রকল্পের বিপরীতে কমপক্ষে ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এজন্য এডিপির আকার এক লাখ কোটি টাকা ছাড়াতে পারে।’

এ বৈঠকে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সচিব শফিকুল আজম, মন্ত্রণালয়ের বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণ বিভাগের (আইএমইডি) সচিব খন্দকার শহীদুল ইসলামসহ চলতি অর্থবছরে এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০ মন্ত্রণালয় এবং চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়নে সবচেয়ে পিছিয়ে থাকা ১০ মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমকে