খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদসহ আটক বড় শোভা চাকমা ওরফে মন্টু চাকমাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
আদালতের জিআরও মনির হোসেন জানান, বুধবার তাকে খাগড়াছড়ির মুখ্য বিচারিক হাকিম সাইফুল আলম চৌধুরীর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন হেফাজতের আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান তিনি।
আটক বড় শোভা চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এম এন লারমা অংশের নেতা বলে দাবি করছে সেনাবাহিনী।
গত সোমবার ভোরে দীঘিনালার দুর্গম সাধুচন্দ্র পাড়া এলাকায় সেনাবাহিনীর এ অভিযানে একটি মেশিন গান ও দুটি এসএলআরসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র, একটি গ্রেনেড, নয়টি ম্যাগাজিন, ৪৫০টি গুলি, আটটি মোবাইল ফোন ও সেনাবাহিনীর ছয় সেট পোশক উদ্ধার করা হয়।
ওই ঘটনায় দীঘিনালা থানার এসআই আবদুস সালাম বাদী হয়ে অস্ত্র বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছেন।
জেআই





