পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা গ্রামে রণজিৎ রোজারিও (৩০) নামের এক খ্রিষ্টান ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। রণজিৎ ফৈলজানা গ্রামের মৃত জজ রোজারিওর ছেলে। পেশায় তিনি সার ব্যবসায়ী। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রণজিতের স্ত্রী পল্লবী রোজারিও বলেন, ‘ফৈলজানা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে নেংড়ি গ্রামের বাদশা মিয়ার অবৈধ সম্পর্ক ছিল। প্রায় দুই মাস আগে আপত্তিকর অবস্থায় তাদের হাতেনাতে ধরে ফেলে রণজিৎসহ স্থানীয় কয়েকজন। সালিশের মাধ্যমে এ ঘটনার মীমাংসা হয়। ওই ঘটনার জের ধরে বাদশা ও তার লোকজন রোববার রাতে আমাদের বাড়িতে হামলা চালায়।

তারা প্রথমে রণজিৎকে একটি গুলি করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর রণজিৎকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। প্রতিবেশীরা এগিয়ে এলে বাদশা ও তার লোকজন পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রণজিৎকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।’

আহত রণজিৎ বলেন, ‘বাদশা ও তার লোকজন আমার ওপর হামলা করেছে।’

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ‘রণজিৎকে পূর্বশত্রুতার জেরে কুপিয়ে আহত করা হয়েছে বলে জেনেছি। আমরা ঘটনার কারণসহ অন্যান্য বিষয় তদন্ত করে দেখছি।’

এমই