চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারি প্রিজাইডিং অফিসার এবিএম মমিনুর রশীদকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে মনিরুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বহিরাগত যুবক অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করার কারণে শুক্রবার রাতে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

প্রত্যাহারকৃত সহকারি প্রিজাইডিং কর্মকর্তা এবিএম মমিনুর রশীদ একই উপজেলার মোড়ভাঙ্গা গ্রামের ইউসুফ আলীর ছেলে ও আটককৃত মনিরুল ইসলাম শেখপাড়া গ্রামের মহিরউদ্দীনের ছেলে।

চুয়াডাঙ্গা সিনিয়র সহকারি পুলিশ সুপার ছুফী উল্লাহ জানান, হারদী ইউনিয়নের শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারি প্রিজাইডিং কর্মকর্তার সহযোগিতায় এক বহিরাগত কেন্দ্রের ভিতরে প্রবেশ করে বলে জানতে পারি। পরে, উপযুক্ত প্রমাণের ভিত্তিতে সহকারি প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার ও বহিরাগতকে আটক করা হয়।

প্রসঙ্গত, শনিবার সকাল ৮টা থেকে আলমডাঙ্গার উপজেলার হারদিসহ ৭টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে।

এমআর