আড়াই বছরের জমজ শিশু ছেলেকে বিষপান করানোর পর মা মনজুয়ারা খাতুন (৩৭) নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।
শুক্রবার রাতে সাতক্ষীরা শহরের কুখরালী গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি ওই গ্রামের ড্রাইভার আমজাদ হোসেনের স্ত্রী। তবে কেন তিনি আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন তা জানা যায়নি।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকে আমজাদ হোসেনের বাড়িতে কোনো সাড়া শব্দ ছিল না। হঠাৎ গোঙ্গানি শুনে তারা সেখানে গিয়ে দেখতে পান মনজুয়ারাসহ তার দুই ছেলে আব্দুল করিম ও আব্দুর রহিম ছটফট করছে।
তখন তারা তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। তবে এ সময় আমজাদ বাড়িতে ছিলেন কি-না তাও জানা যায়নি।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রহমান বলেন, বিষয়টি শুনেছি। খোঁজ নেয়া হচ্ছে।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





