লালমনিরহাটের সরকার দলীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বিজিবি কর্তৃক ধরে নিয়ে যাওয়া ৫ বাংলাদেশীর খোঁজ পেতে বিজিবি’কে ১৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভায় তিনি বলেন, শুক্রবার নামাজের আগে আটক ওই ৫ জনকে তাদের পরিবারের কাছে ফেরত দিতে হবে অথবা আইন শৃঙ্গলা বাহিনীর কাছে সোর্পদ করতে হবে। অহেতু তাদের হয়রানি না করতে তিনি বিজিবি’র প্রতি আহবান জানান। সেই সাথে স্থানীয় লোকজনদের শান্ত থাকতে বলেন এমপি মোতাহার হোসেন।

উক্ত মতবিনিময় সভায় বিলুপ্ত ছিটমহলবাসী উপস্থিত এমপি মোতাহার হোসেনের কাছে অভিযোগ করে বলেন, গত (২৬ জুন) সোমবার রাতে ওই সীমান্তের আবুলের চরে চোরাচালানকারীদের ধরতে গিয়ে তিস্তা নদীতে পড়ে সুমন মিয়া নামে এক বিজিবি’র ল্যান্স নায়েক মারা যান।

ওই ঘটনায় বিজিবি আঙ্গোরপোতা-দহগ্রাম এলাকার ৫ জন গ্রামবাসীকে ধরে নিয়ে যায়। কয়েক দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাদের আইন শৃঙ্গলা বাহিনী বা তাদের পরিবারের কাছে ফেরত দেয়া হয়নি।

সভায় উপস্থিত লোকজনের বক্তব্য শুনে সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি দহগ্রাম বিজিবি’র ক্যাম্পে গিয়ে তাদের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলেন।

নুরনবী/এমএনজে