নৈশপ্রহরীদের বেঁধে রেখে নগদ টাকাসহ বেশ কিছু স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার ভোর ৩টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিহারকোল মোড়ে অলংকার জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর ৩টার দিকে নৈশপ্রহরী মোহাম্মদ আহসান ও হান্নানকে বেঁধে রেখে তালা ভেঙে জুয়েলার্সে প্রবেশ করে ৯/১০ জনের একটি দল। এসময় তারা নগদ টাকা ও সোনার গহনা লুট করে নিয়ে যায়।

জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী ধ্রুব কুমার কুণ্ডু বলেন, রাত সাড়ে ৩টার দিকে খবর পেয়ে গিয়ে দেখি দোকানের সার্টার ও দরজার তালা ভাঙা। নগদ টাকাসহ দুর্বৃত্তরা ৬৫ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।

বাগাতিপাড়া মডেল থানার ওসি আমিনুল রহমান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই প্রহরীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এআর