সপ্তাহ পেরুলেও নিখোঁজ যুবক লিটন মোহন্তের সন্ধান মেলেনি। ছেলের কি অবস্থা তা জানতে না পারায় শোকে পাগল প্রায় মা-বাবা।
গত ১১ সেপ্টেম্বর বগুড়ার শেরপুর পৌরশহরের উত্তর সাহাপাড়া থেকে নিখোঁজ হন ওই যুবক। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ঘটনাটি জানিয়ে ১২ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরিবারের লোকজন জানান, মন্টু মোহন্তের ছেলে লিটন মোহন্ত (২০) ওইদিন (১১ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজ হন। তার শরীরে কালো রংয়ের গেঞ্জি ও পরনে জিন্সের প্যান্ট ছিল। সে বিভিন্ন সময় পাগলামী আচরণ করতো। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়।
প্রতিবেশী ও শেরপুর পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোবিন্দ বাগচী জানান, প্রায় সপ্তাহখানেক আগে থেকে লিটন নিখোঁজ। এলাকার লোকজন নিজ উদ্যোগে তার সন্ধান চেয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনো খোঁজ মেলেনি।
লিটনের বাবা মন্টু মোহন্ত বলেন, ছেলেকে নিয়ে ভীষণ দুঃশ্চিন্তায় আছি। ছেলে আমার বেঁচে আছে না মরে গেছে তাও এখন পর্যন্ত জানতে পারলাম না। আর ছেলের শোকে মা তো পাগল প্রায় হয়ে গেছে।
কোনো সহৃদয়বান ব্যক্তি আমার ছেলের সন্ধান পেলে ০১৭১২-২৬৯৬৬৫ নম্বরে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানান।
এমএনজে





