চাঁদপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনারের পক্ষে সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নির্বাচনের এ তফসিল ঘোষণা করা হয়।
চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার আতাউর রহমান জানান, তফসিল অনুযায়ী প্রার্থীদের আবেদনের শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি। প্রার্থী বাছাই ১ মার্চ, প্রত্যাহার ১০ মার্চ ও প্রতীক বরাদ্দ ১১ মার্চ।
মামলা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ নয় বছর পর চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সর্বশেষ ২০০৫ সালের শেষ দিকে চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রায় নয় বছর যাবৎ মেয়র পদে নাছির উদ্দিন আহমেদ দায়িত্ব পালন করছেন।
এদিকে নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর রোববার সন্ধ্যার পর চাঁদপুর শহরে ভোটার ও প্রার্থীদের মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে।
জেডআই





