ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালে নির্মিত দেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভারটি উদ্বোধন হচ্ছে আগামী ৪ জানুয়ারি।
নির্ধারিত সময়ের ছয় মাস আগেই এটি উদ্বোধন হচ্ছে। ফ্লাইওভারটি এ অঞ্চলের যানজট নিরসনে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
ফেনীর মহিপালের পথ ধরেই ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পৌছাতে হয়। এ পথে প্রতিদিন হাজারো গাড়ির যানজট লেগেই থাকে। দীর্ঘদিনের এ যানজট নিরসনে মহিপালে ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেয়া হয়।
২০১৫ সালের এপ্রিলে মহিপালে ৬৬০ মিটার দীর্ঘ ও সাড়ে ২৪ মিটার প্রস্থ ফ্লাইওভারটির নির্মাণ কাজ দেখভালের দায়িত্ব নেয় সেনাবাহিনী। ১৮১ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনেম প্রকল্পটি বাস্তবায়ন করে। ২০১৮ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ছয় মাস আগেই শেষ হয়েছে ফ্লাইওভারটির নির্মাণ কাজ।
৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স'র মাধ্যমে মহিপাল ফ্লাইওভার উদ্বোধন করবেন। এটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে সড়ক ও জনপদ বিভাগ। মহিপাল ফ্লাইওভারে রয়েছে ১১টি পিলার। প্রতিটি পিলারের মাঝে বসানো হয়েছে ১২১টি গার্ডার।
জেড





