বগুড়ার শেরপুর উপজেলায় অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বখাটে রাজমিস্ত্রি নাজিম উদ্দিন নান্নু (২৫) নামে এক যুবককে ৯ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০১ জুন) বিকেল ৪টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহানের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেয়।

দণ্ডপ্রাপ্ত নাজিম উদ্দিন নান্নু উপজেলার বেতগাড়ি গ্রামের হাবিবর রহমানের ছেলে।

ধনকুন্ডি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সামাদ বাংলানিউজকে বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ররোয়া গ্রামের বাসিন্দা ধনকুন্ডি দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী মাদ্রাসায় পরীক্ষা দিতে আসছিলো। মাদ্রাসার সামনে পৌঁছালে বখাটে নাজিম উদ্দিন নান্নু ছাত্রীর হাত ধরে টানাটানি শুরু করেন। এ সময় মেয়েটির চিৎকারে বখাটে নান্নু দ্রুত পালিয়ে যান।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহানের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় একটি হোটেলের সামনে থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

এ সময় বখাটে নাজিম উদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে ৯ মাসের কারাদণ্ড দেয় আদালত।

ওএফ