ময়মনসিংহে বিপুল পরিমাণ নিবন্ধিত মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র ও ভিওআইপি সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে শহরের সানকিপাড়ায় নয়ন মণি মার্কেট এলাকার একটি বাসায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

এসময় ওই বাসা থেকে জব্দ করা হয় জালিয়াতির মাধ্যমে নিব্ন্ধন করা বিপুল পরিমাণ মোবাইল সিমকার্ড, জাতীয় পরিচয় পত্র ও ভিওআইপি সরঞ্জাম।

আটকরা হলেন- জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার দিগপাইত গ্রামের জামাল আকন্দের ছেলে হুমায়ুন কবীর (২৫), বাকুরচর গ্রামের তৈয়ব আলীর ছেলে রুহুল আমীন (২০) এবং টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার কর্ণ দক্ষিণপাড়া গ্রামের আবদুস ছাত্তারের ছেলে জহিরুল ইসলাম (২০)।

কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে সানকিপাড়া এলাকার একটি ছয়তলা ভবনের পাঁচতলার ফ্ল্যাটে অভিযানে যায় পুলিশ। সেখান থেকে নিবন্ধিত মোবাইল সিমকার্ড, জাতীয় পরিচয়পত্র ও ভিওআইপি সরঞ্জামসহ ওই তিনজনকে আটক করা হয়।

ওসি জানান, আটক জহিরুল ইসলাম ওই বাসা ভাড়া নিয়েছিলেন। তারা সবাই অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত।

আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এয়ারটেলের তিন কর্মকর্তাসহ সিম জালিয়াত চক্রের মোট ২২ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

সূত্র জানায়, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন প্রক্রিয়া শেষে অনিবন্ধিত সিম বন্ধ হওয়ার পাশাপাশি এখন আর আঙুলের ছাপ না দিয়ে নতুন সিম পাওয়ার কথা নয়।

তারপরও সম্প্রতি বিভিন্ন স্থানে কয়েকটি দোকানে জাতীয় পরিচয়পত্র ও আঙুলের ছাপ ছাড়াই সিম বিক্রির তথ্য পাওয়ায় বিভিন্ন স্থানে অভিযান শুরু করে বিটিআরসি ও পুলিশ।

এমই