বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করছে।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, মাদক ব্যবসায়ী বাদশা নকিব (৩৩) ও মাহেন্দ্র গাড়ীর ড্রাইভার গোবিন্দ দে (৪৭)। তাদের সঙ্গীয় অপর দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, বাগেরহাটের কাড়াপড়া ইউনিয়নের গুজিরহাটী গ্রামের মৃত. ছালাম নকিবের ছেলে বাদশা নকিব মঙ্গলবার রাত ১টার দিকে ফকিরহাটের পিলজঙ্গল গ্রামের পরিতোষ দে’র ছেলে গোবিন্দ্র দে’র মাহেন্দ্র গাড়ি যোগে গা্জাঁর একটি চালান নিয়ে মোরেলগঞ্জের উদ্দেশ্যে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে পোলেরহাট ফাঁড়ি পুলিশের এএসআই মনিরুল ইসলাম ও সঙ্গীয় সিপাহি ব্যাটালিয়ান শামীম হোসেন পথিমধ্যে হাশেম খাঁর হাট নামক স্থানে তাদের চ্যালেঞ্জ করে মাহেন্দ্র গাড়ি থামিয়ে বাদশা ও গোবিন্দ দে’কে আটক করে।এর পর ওই গাড়ির ভেতর থেকে ব্যাগে ভর্তি ৫ কেজি গাঁজা উদ্ধার করে।পুলিশ মাদক বহনকারী গাড়ীটিও আটক করেছে।
মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান মিঠু জানান, ঈদ পূর্ব মাদক ব্যবসায়ীরা সক্রিয় হওয়ায় সম্ভাবনা মাথায় রেখে পুলিশ বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।থানা অফিসার ইনচার্জ রাশেদুল আলম জানান, এ ঘটনায় মাহেন্দ্র আটক ও মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
এমই





