গাজীপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধেে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাবের এক সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার মহানগরীর পূবাইলে দিবাগত রাত আড়াইটার দিকে তালুটিয়া বালুর মাঠ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত যুবক মাদক ব্যবসায়ী বলে র্যাবের দাবি।
নিহত যুবকের নাম নজরুল ইসলাম ওরফে নজু মিয়া (৩০)। তার বাবার নাম গোলাম মোস্তফা। টঙ্গীর ব্যাংকের মাঠ এলাকায় ভাড়া বাসায় থাকত সে।
র্যাব-১ এর এএসপি কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় ছয় থেক সাতজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন খবর পায় র্যাব। পরে রাত আড়াইটার দিকে সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি করে। র্যাবও পাল্টা গুলি চালালে নজরুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা, ৩টি শর্টগান, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারের দাবি করেছে র্যাব।
উল্লেখ্য, এই বছরের প্রথম ছয় মাসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ২০৪ জন নিহত হয়েছেন বলে মানবাধিকার সংস্থা-আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক প্রতিবেদনে উঠে এসেছে।
জেড





