গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেকাটারী গ্রামের আইয়ুব আলীকে (৪০) ১০ দিন আগে গাইবান্ধার ডিবি পুলিশ পরিচয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাবনা বাজার থেকে তুলে নিয়ে যায়। ১০ দিনেও সন্ধান পাওয়া যায়নি আইয়ুব আলীর।
আইন অনুযায়ী তাকে আদালতেও হাজির করা হয়নি।
বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে স্বামীকে ফিরিয়ে দেয়ার দাবি জানান আইয়ুব আলীর স্ত্রী শিরিনা বেগম। এ সময় উপস্থিত আইয়ুব আলীর ছেলে আবু রায়হান ও মেয়ে সুরাইয়া জাহান কান্নায় ভেঙ্গে পড়েন।
আইয়ুব আলীর স্ত্রী শিরিনা বেগম বলেন, বাবার অনুপস্থিতিতে তারা দুঃর্সহ জীবন যাপন করছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিরিনা বেগম বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেকাটারী গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে আইয়ুব আলী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাবনা বাজারে এজাহার আলী মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীতে জোনাল ইনচার্জ পদে চাকরি করেন।
গত ৭ ফেব্রুয়ারি ভাড়া বাড়িতে সাদা মাইক্রোবাসে সাদা পোশাকধারী কয়েকজন এসে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে যায়। সে সময় তার স্ত্রী ছেলে-মেয়ে নিয়ে সুন্দরগঞ্জের নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
পরবর্তীতে স্ত্রী শিরিনা বেগম ইন্সুরেন্স কোম্পানীর কর্মকর্তার কাছ থেকে খবর পেয়ে সিরাজগঞ্জ গিয়ে এলাকাবাসীর কাছ থেকে এসব তথ্য জানতে পারেন।
এরপর সুন্দরগঞ্জ থানা, গাইবান্ধা ডিবি অফিস, র্যাবসহ বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর অফিসে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এব্যাপারে রায়গঞ্জ থানায় সাধারণ ডায়েরি করার জন্য গেলেও ডিউটি অফিসার ডায়েরি না নিয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে মৌখিকভাবে জানানো হবে বলে জানান।
শিরিনা বেগম দাবি করেন, আইয়ুব আলী যদি কোনো অপরাধ করে থাকেন বা তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা থাকে তবে আইন অনুযায়ী তাকে আদালতে হাজির করা হোক। তা না হলে তার স্বামীর কোনো ক্ষতি হলে সে দায়ভার সংশ্লিষ্টদের নিতে হবে।
জারিফ





