জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ডাক্তার ও নার্সদের চিকিৎসা অবহেলায় রশিদা বেওয়া নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ওই রোগীর মৃত্যু হলে স্বজনদের পক্ষ থেকে এ অভিযোগ উঠে। রশিদা বেগম জয়পুরহাট সদর উপজেলার বামনপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।

পরিবারের সদস্যদের অভিযোগ, হার্টের সমস্যার কারণে শুক্রবার রশিদা বেওয়াকে হাসপাতালে আনা হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ফিরোজ হোসেন তাকে কার্ডিওলোজি বিভাগের পরিবর্তে মেডিসিন বিভাগে ভর্তি করান। ভর্তির পর থেকে দায়িত্বরত চিকিৎসক ও নার্সরা রশিদা বেওয়ার কোনো খোঁজ-খবর নেননি।

এ ঘটনায় রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে ওই হাসপাতালের হার্ট স্পেশালিস্ট ডা. গোলাম রাব্বানীকে ডেকে আনা হয়। পরে ওই রোগীকে মেডিসিন বিভাগ থেকে কার্ডিওলোজি বিভাগে ভর্তি করানো হলে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। এ বিষয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আলী বলেন, রোগীর মৃত্যুর ব্যাপারে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা হবে।

এমই