ফরিদপুরের সালথা উপজেলার বাহিরদিয়ায় ছিনতাইকারীর হামলায় আহত নজরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মঙ্গলবার সকালে মারা গেছেন।
সোমবার রাতের ওই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। বর্তমানে তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকাবাসী জানান, নজরুল ইসলাম ও তার ২ সহযোগী ফরিদপুর থেকে ঈদের কেনাকাটা করে মোটরসাইকেলে সালথা উপজেলার নারানদিয়ায় গ্রামের বাড়িতে ফিরছিলেন। বাহিরদিয়ায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করেন। দুর্বৃত্তরা তাদের মালামাল ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিতে গেলে ছিনতাইকারীরা ধারাল অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এরপর মোটরসাইকেল ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত দু’জন হলেন- মকিম মোল্লা ও হোসাইন।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোতা মিয়া জানান, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





