যুবলীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় যুবলীগের ১২ কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দিনগত রাত ৯টার দিকে জয়পুরহাট সদরের মোহাম্মদাবাদ ইউনিয়নে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদরের গণকবাড়ী পূর্ব পারুলিয়া এলাকার আজিজার ও আনোয়ার নামে দুই বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।

এ বিষয়ে জয়পুরহাট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা জানান, মোহাম্মদাবাদ ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে ‘সদর উপজেলা যুবলীগের সম্মেলন’ প্রস্তুতি সভা চলাকালে স্থানীয় জামায়াত-বিএনপির কর্মীরা হামলা চালায় এবং অফিস ভাঙচুর করে।

এ ঘটনায় আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়। তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এআর