রাজধানীর মিরপুর পল্লবী এলাকা থেকে বিস্ফোরক দ্রব্যসহ হৃদয় (২৮), স্বপন (২৯) ও ইসমাইল (৩০) নামে তিনজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ইসমাইল পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে আহত হন।

এসময় ঘটনাস্থল থেকে সাতটি তাজা ককটেল, দুই কেজি পাথর এবং পাঁচটি জর্দার কৌটা উদ্ধার করা হয়।

সোমবার (০২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টায় মিরপুর শাহপরান বস্তিতে অভিযান চালায় পল্লবী থানা পুলিশ।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান বস্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে ইসমাইল আহত হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাতে বিস্ফোরক বানানোর পাশাপাশি দিনের বেলায় এরা তিনজন বাসের হেলাপার বা কন্ডাক্টর হিসেবে কাজ করেন।

ইসমাইল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

ইআর