ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের দক্ষিণ রতনপুর এলাকায় সোমবার দুপুরে লাইজু বেগম (২২) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ৯নং ওয়ার্ডের দক্ষিণ রতনপুর মাঝিবাড়ির নাছির আহম্মেদের ঘরের মেঝে থেকে পুঁতে রাখা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত লাইজু বেগম দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের বাসিন্দা সাজু মিয়ার কন্যা ও ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ওহিদুল্লাহ স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত নিহত লাইজু বেগমের স্বামী ওহিদুল্লাহ ও শ্বশুর শাশুরি লাইজুর উপর নানাভাবে অত্যাচার করে আসছিলো। রোববার সকাল ৭টার দিকে লাইজু বেগমের শাশুড়ি বাড়ির উঠানে এসে চিৎকার করে বলে লাইজু ঘরের সকল গহনা ও টাকা পয়সা নিয়ে পালিয়েছে। দিনভর বহু খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ না পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ আসার খবর শুনে সন্ধ্যার পর ওই পরিবারের সকলেই ঘর ছেড়ে পালিয়ে যায়।

পরে পুলিশ এসে ওই বাড়িতে গিয়ে ঘরের মধ্যে তল্লাশি করে আলমারির নিচে মেঝেতে রক্ত দেখে স্থানীয়দের মাধ্যমে সেখানকার মাটি খুঁড়ে লাইজুর মৃতদেহ উদ্ধার করে।

ভোলা সদরের অফিসার ইনচার্জ (ওসি) মোবাশ্বের আলী বলেন, গৃহবধূ লাইজুর মৃতদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ