ভারত সফরে তিস্তা চুক্তি, সীমান্ত নিরাপত্তা ও রপ্তানি বাণিজ্যসহ অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

বৃহস্পতিবার সকালে জেসিসির বৈঠকে যোগ দিতে ভারত সফরে যাওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

জানা যায়, ২০ সেপ্টেম্বর তিনি নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিটির (জেসিসি) তৃতীয় বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আলোচনা করবেন।

এছাড়া চার দিনের এ সফরে পররাষ্ট্রমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্য নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য ভারতকে আহ্বান জানানো হবে।

ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে কেউ যেন বাংলাদেশে জঙ্গিবাদ ছড়াতে না পারে, নয়াদিল্লি সফরে সে বিষয়েও নিশ্চয়তা চাওয়া হবে।

ঢাকা, সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর