রাজধানীর বারিধারার একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আসাদুল ইসলাম (৩২) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আসাদুল ইসলাম চট্টগ্রাম জেলার হালিশহরের রফিকুল ইসলামের ছেলে।
আসাদুলের চাচাত ভাই শামসুজ্জামান জানান, আসাদুল নর্থ সাউথ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্সে তিন বছর পড়াশোনা করেন। এর মধ্যে তিনি মাদকে আসক্ত হয়ে পড়েন। এরপর আর লেখাপড়া হয়নি তার।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, ৯ সেপ্টেম্বর বারিধারার জে ব্লকের ৮ নম্বর রোডের ১ নম্বর বাড়ির প্রত্যয় মাদক নিরাময় ক্লিনিকে ভর্তি করা হয় আসাদুলকে। বৃহস্পতিবার রাত সোয়া ১২টা থেকে পৌনে ১টার মধ্যে তিনি জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে ক্লিনিক কর্তৃপক্ষ জানায়। পরে মুমূর্ষু অবস্থায় এপোলো হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তিনি মারা যান। তার গলায় কোনো ফাঁসের চিহ্ন নেই।
তিনি আরও জানান, আসাদুলের বাবা রফিকুল ইসলাম ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে মামল করবেন বলে জানান।
আসাদুলের লাশ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে ময়নাতদন্তের জন্য এপোলা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আনা হয়।
কেএইচ





