হারিয়ে যাচ্ছে মুন্সীগঞ্জ শ্রীনগরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। এক সময় উপজেলার শাড়ি-কোলাপাড়া , জশুর গাঁও, শ্রীধরপুরসহ বিভিন্ন এলাকায় তাঁত শিল্পের কাজ হতো। এই শিল্পের খুব কদরও ছিল সেখানে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়িরা এসে তাদের তাঁতের তৈরি কাপড়, লুঙ্গী, গামছা স্থানীয় হাটবাজার থেকে ক্রয় করতেন।

কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এই কুটির শিল্প এখন বিলুপ্ত প্রায়। সরজমিনে উপজেলার বাড়ৈই খালী ইউনিয়নের শ্রীধরপুরে শুধু ঐতিহ্য হিসেবে কয়েকটি পরিবারকে তাঁত শিল্পের কাজ করতে দেখা গেছে।

শ্রীধরপুরে কয়েকটি তাঁত শিল্পের মালিক আলী হোসেন (৫০), সাহেদ আলী(৬০), আব্দুল খালেক(৬৫) থেকে তাঁত শিল্পের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, এখন আধুনিক কল কারখানায় সল্প খরচে শাড়ি-কাপড়, লুঙ্গী ও গামছা তৈরি করছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে কম মূল্যে ভারতীয় কাপড় পাওয়া যাচ্ছে।

জিনিসের দাম ও শ্রম অনুযায়ী তারা ন্যায্য মূল্য পাচ্ছেনা। দু’এক ঘর যারা তাঁত শিল্প ধরে রেখেছে, পার্শ্ববর্তী শীবরামপুর হাট থেকে সুতা কিনে তৈরী করা লুঙ্গী ঐ হাটেই বিক্রি করেন। এখন লুঙ্গী ছাড়া কোন কাপড় তৈরি করা হয় না এখানে।

তাঁত শিল্পের মালিকরা জানায় এখন বেশির ভাগ শীবরাম পুর হাট থেকে লুঙ্গী ক্রয় করে বিভিন্ন বাজারে পাইকারি বিক্রি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানায়, অনেক তাঁত শিল্পের ব্যবসায়ি লুঙ্গী ক্রয় করে বানানো লোগো লাগিয়ে দিয়ে নিজের নামে বিক্রয় করছে।

রাকিব/জেড