চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নাজিম উদ্দিন নামে ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, তিনি একটি ডাকাত দলের প্রধান।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখারুল হাসান জানান, সোমবার রাত ৯টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ওই ঘটনায় আহত পাঁচ পুলিশ সদস্যকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানালেও তাৎক্ষণকিভাবে কারও নাম জানাননি ওসি।
তিনি বলেন, এক দল ডাকাত বাঁশবাড়িয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবব পেয়ে রাত ৯টার দিকে সেখানে অভিযানে যায় পুলিশ।
“পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা গুলি ছুড়তে থাকে, পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ডাকাত সর্দার নাজিম গুলিবিদ্ধ হলেও অন্যরা পালিয়ে যায়।”
পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে নাজিমের মৃত্যু হয় বলে মেডিকেল ফাঁড়ি পুলিশের এএসআই পঙ্কজ বড়ুয়া জানান।
এএইচ





