নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেউটি বাজারে শীর্ষ সন্ত্রাসী বাবলু বাহিনীর প্রধান শরাফত করিম বাবলু (২৯) কে গ্রেফতার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ।

গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানা যায়।

পরে তার দেওয়া তথ্যমতে মঙ্গলবার ভোরে বাণীপুরের একটি পারিবারিক কবরস্থান থেকে দুটি দেশীয় তৈরী এলজি, একটি পাইপগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত শরাফত করিম বাবলু উপজেলার দেউটি ইউনিয়নের দেউটি গ্রামের জাকির হোসেন বাহারের ছেলে।

স্থানীয়দের ভাষ্যমতে, উপজেলার দেউটি ও পাশ্ববর্তী আমিশাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাবলু বাহিনীর সদস্যরা সন্ত্রাস ও চাঁদাবাজি করে বেড়ায়। সে সোনাইমুড়ী পশ্চিমাঞ্চলের ত্রাস সন্ত্রাসী বাবলু বাহিনীর প্রধান।

সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে দেউটি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে ভোরে ইউনিয়নের বাণীপুর গ্রামের দুধমিয়া পাটোয়ারি বাড়ির একটি পারিবারিক কবরস্থান থেকে দুটি দেশীয় তৈরী এলজি, একটি পাইপগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এসময় তিনি আরো জানান, সন্ত্রাসী বাবলুর বিরুদ্ধে থানায় ডাকাতি, হত্যাসহ ৩টি মামলা রয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএইচ