গোপালগঞ্জে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও ভাঙচুর করেছে এলাকাবাসী। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানান, টুঙ্গিপাড়ার মিত্রডাঙ্গা গ্রামের খাদিজাতুল কোবরা নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত জানালা-দরজা, টেবিল-চেয়ার ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে স্থানীয়রা।
এসময় ডা. পবিত্র কুমার কুণ্ডু, সেবিকা কাকতি লতা পাল ও এক পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন।
পরে অতিরিক্ত পুলিশ এসে টিয়ারশেল ও রাবার-বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার পর হাসপাতালে ভর্তি অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে যান।
খবর পেয়ে জেলা প্রশাসক মো. খলিলুর রহমান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এ ঘটনাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করে বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. আবিদ হোসেন বলেছেন, শনিবার থেকে শুধুমাত্র জরুরি বিভাগ ছাড়া সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ থাকবে।
এসএইচ/এমকে





