যশোরের মণিরামপুরের কাশিপুর গ্রামে দুর্বৃত্তরা কুপিয়ে ও বোমা মেরে হত্যা করেছে শাহিনুর রহমান (৩৫) নামে যুবলীগের এক নেতাকে। তিনি খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে শাহিনুর একটি মোটরসাইকেলযোগে মণিরামপুর থেকে নিজ বাড়ি কাশিপুরে ফিরছিলেন। কাশিপুর মাদরাসার কাছে পৌঁছলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। তারা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও বোমা মেরে শাহিনুরকে গুরুতর আহত করে চারটি মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

ধারাল অস্ত্রের আঘাতে শাহিনুরের মাথাসহ শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শাহিনুর রহমান মণিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।

মণিরামপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোল্লা খবিরউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

কেএইচ