মোবাইল ফোন ব্যবহারের ওপর সারচার্জ আরোপ করে তা শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যবহার করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার জাতীয় সংসদ অধিবেশনে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন। প্রস্তাবটি গ্রহণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সকাল ১০টার দিকে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, মোবাইল ফোনের আমদানির ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব কিছুটা বেশি হয়ে গেছে। অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, মোবাইল ফোনের আমদানির ওপর শুল্ক কিছুটা হ্রাস করতে পারেন।

জবাবে বাজেটের ওপর সমাপণী বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, প্রধানমন্ত্রী মোবাইল ফোন ব্যবহারের ওপর যে সারচার্জ আরোপের কথা বলেছেন তা শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে।

পুঁজি বাজারের উন্নয়ন হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসায় পর বিভিন্ন প্রক্রিয়ায় পুঁজি বাজারের উন্নয়ন হয়েছে। আমি অর্থমন্ত্রীকে বলব এই উন্নয়নকে অব্যাহত রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, 'বাজেট আলোচনায় সব মিলে ২৬৫ জন সংসদ সদস্য অংশ নিবেন। আমরা মনে করেছিলাম সর্বমোট ৪০ ঘন্টা আলোচনা হবে। কিন্তু আলোচনার সময় ৬০ ঘন্টা ছাড়িয়েছে।' এজন্য সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ