সিলেটে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর কুশপুতুল দাহ করেছে দলের একাংশের নেতাকর্মীরা। এসময় তারা ছবিতে থুথু ও জুতা নিক্ষেপ করেন।
বৃহস্পতিবার বিকাল ৪টায় নগরীর চৌহাট্টার এ বিক্ষোভ সমাবেশ থেকে নেতাকর্মীরা তাকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করেন।
এরআগে বিকাল সাড়ে ৩টায় সিলেট মহানগর বিএনপির নতুন কমিটি প্রত্যাখান করে নগরীর সিটি পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিলটি নগরীর জিন্দাবাজার হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, রাজপথের আন্দোলন থেকে বিচ্ছিন্ন শমসের তার কর্মকর্তা-কর্মচারী ও ওয়ান ইলেভেনের দালালদের দিয়ে মহানগর বিএনপির কমিটি ঘোষণা করিয়েছেন। এই কমিটির সঙ্গে দলের ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই।
মহানগর বিএনপির নবগঠিত কমিটির সদস্য ও সাবেক সহসভাপতি অধ্যাপক মকসুদ আলীর সভাপতিত্বে ও সাবেক কোষাধ্যক্ষ ও নতুন কমিটির সদস্য ফরহাদ চৌধুরী শামীমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী পংকী, সাবেক সহসভাপতি তারেক আহমদ চৌধুরী, সাবেক দফতর সম্পাদক আবদুল ওয়াছেহ চৌধুরী জুবের, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দিনার খান হাসু, সাবেক সদস্য নাজিম উদ্দিন লস্কর, মহানগর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক সালেহ আহমদ খসরু, মহানগর তাঁতীদলের সভাপতি ফয়েজ আহমদ দৌলত, সাধারণ সম্পাদক শওকত আলী, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা বেগম শাহনাজ, কাউন্সিলর সালেহা কবীর শেপী, আমেনা বেগম রুমি, আবদুর রকিব তুহিন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আবদুল আহাদ খান জামাল, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মতিউল বারী চৌধুরী, মহানগর ছাত্রদলের সভাপতি নূরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর যুবদল নেতা সুদীপ রঞ্জন সেন বাপ্পু, আবদুল মালেক, মিনহাজ উদ্দিন মুসা প্রমুখ।
জেআই





