বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে আজ সোমবার ঢাকায় এসেছেন ভারতের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। পররাষ্ট্র সচিব হওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর।

আজ (২মার্চ) সোমবার সকালে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব। এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৭ মার্চ ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই সফর চূড়ান্ত করতেই ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

ঢাকা সফরকালে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন শ্রিংলা। তিনি একই দিনে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করবেন।

এছাড়া একই দিন তিনি রাজধানীতে ‘বাংলাদেশ-ভারত: একটি প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে অংশ নেবেন। সফর শেষে আগামী মঙ্গলবার (০৩ মার্চ) শ্রিংলা ঢাকা ত্যাগ করবেন। শ্রিংলার সফরে দুই দেশের মধ্যে কানেক্টিভিটি নিয়ে দুইটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় দেশটির হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গত বছর জানুয়ারিতে ঢাকার দায়িত্ব পালন শেষে যুক্তরাষ্ট্রে হাইকমিশনার হিসেবে যোগ দেন। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হন শ্রিংলা।

এএস