বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বলেছে, যেসব মোটরযানের ফিটনেস নেই ১০ বছর বা তারও বেশি সময় ধরে, তাদের আগামী ৩০ জুনের মধ্যে ফিটনেস নবায়ন করতে হবে। নতুবা রেজিস্ট্রেশন বাতিল করা হবে।
সম্প্রতি বিআরটিএ কর্তৃপক্ষ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। শুক্রবার (১৯ জুন) বিআরটিএ-এর ফেসবুক পেজেও এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।
বিআরটিএ’র পরিচালক (ইঞ্জিনিয়ার) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ২৫ ধারা মোতাবেক বিআরটিএ থেকে মোটরযানের ফিটনেস সার্টিফিকেট গ্রহণের আবশ্যকতা থাকা সত্ত্বেও বিআরটিএ’র ডাটাবেজ পর্যালোচনায় দেখা যায় যে, ১০ বছরের অধিককাল ধরে উল্লেখযোগ্যসংখ্যক মোটরযানের ফিটনেস নবায়ন করা হয়নি। এমতাবস্থায়, এসব মোটরযানের মালিকদের চলতি মাসের ৩০ তারিখের মধ্যে তাদের স্ব-স্ব মোটরযানের ফিটনেস নবায়নের জন্য অনুরোধ করা হচ্ছে।
অন্যথায় ০১ জুলাইর পর ১০ বছরের অধিককালের ফিটনেসবিহীন মোটরযান ধ্বংসপ্রাপ্ত বা চিরতরে ব্যবহারের অযোগ্য হিসেবে বিবেচনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ২৪ ধারা মোতাবেক সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন বাতিল করা হবে।
এমবি





