পাবনার সাঁথিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলিম হোসেন ওরফে কালু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ (২১ মার্চ) শনিবার ভোর রাতে উপজেলার খয়ের বাগান এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত কালু শীর্ষ মাদক ব্যবসায়ী। এসময় পুলিশের এক এসআই ও এক কনস্টেবল আহত হন।
তিনি সাঁথিয়া উপজেলার রসুলপুর গ্রামের খোরশেদ আলী খোসাইয়ের ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) গৌতম কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযান চলছে। শনিবার ভোর ৪টার দিকে খয়েরবাগান এলাকায় পুলিশের বিশেষ একটি দল অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ী কালু গুলিবিদ্ধ হয়।
পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ সুপার।
এমবি





