পটুয়াখালীর কলাপাড়ায় এক ভুয়া এম বি বি এস চিকিৎসককে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যান আদালত।
শুক্রবার দুপুরে পৌরশহরের ফেরি ঘাট এলাকার পপুলার ডায়াগনস্টিক ল্যাবে অভিযান চালিয়ে মোহাম্মাদ শরীফ জালাল নামের এক ভুয়া ডাক্তারকে আটক করে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপক কুমার রায় ওই ভুয়া ডাক্তারকে এ কারাদন্ডের আদেশ প্রদান করেন।
পুলিশ সুত্রে জানা যায়, মোহাম্মদ শরীফ জালাল নামের ওই ব্যক্তি নিজেকে মেডিসিন, প্যারালাইসিস, বাতজ্বর ও ব্যথা, ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপ ও চর্ম-যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
এছাড়া তার ব্যবস্থাপত্রে এমবিবিএস, পি.জি.টি, এফসিপিএস (মেডিসিন) পার্ট-২ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা উল্লেখ করেছেন। সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার জন্য ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে বলে পুলিশ জানিয়েছে।
কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপক কুমার রায় সাংবাদিকদের বলেন, ‘ভূয়া পদবী ও চিকিৎসা সনদ না থাকায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ (২) ধারা মোতাবেক ওই ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।’
এ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো.মনিরুজ্জামান ও উপ-পুলিশ পরিদর্শক মো. ফেরদৌস হোসেন।
এআই





