রাজধানীতে আসল ডিবি সদস্যের চাইতে ভুয়া ডিবি সদস্যই বেশি বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র এবং মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম।
রাজধানীর রামপুরা ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের পরিচয়দানকারী দুটি চক্রের ২০ সদস্যকে আটক করেছে ডিএমপি গোয়েন্দা পুলিশ। আটকৃতদের কাছ থেকে ৪টি মাইক্রোবাস এবং ১টি মটর সাইকেল উদ্ধার করা হয়।
এই ভুয়া ২০ ডিবি সদস্যকে আটকের পর সোমবার দুপুর সাড়ে ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সেখানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তিনি।
ডিএমপির মুখপাত্র এবং মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যা পৌনে ৮টায় পশ্চিম রামপুরার উলন দাস পাড়গা এলাকার শ্রী শ্রী মহা প্রভুর মন্দির এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৬ জন ভুয়া পুলিশকে আটক করে।
আটককৃতরা হলেন মো: ফারুক সাঈদ (৩৫), মো: আব্বাস আলী (৩২), মো: সুলতান (৩৫), মো: কামাল হোসেন (২৭), মো: জামাল উদ্দিন (৩০) এবং মো: জাহাঙ্গীর জমাদার (৩০)।
এ সময় তাদের কাছ থেকে ৩টি মাইক্রোবাস, ১ টি দেশী শ্যূটারগান, ১ রাউন্ড গুলি, ১ জোড়া হ্যান্ডকাপ ও স্টিকার উদ্ধার করা হয়।
এদিকে রোববার মিরপুর মডেল থানা পুলিশ ঢাকা জেলার কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন ভুয়া ডিবি পুলিশকে আটক করে।
আটকৃতরা হলেন, ইমন (৩২), মো: হাবিবুর রহমান (৪০), মো: বাচ্চু দেওয়ান (৫০), মো: সুমন (৩২), মো: আফজাল হোসেন (৪০), মো: জামিল (৩৫), মো: শামীম (৩৬), মো: শামীম হোসেন (৩৬), মো: মিলন (৩০), মো: বাদশা মিয়া (৪৭), মো: হেলাল ওরফে নাসির (৬০), মো: হেমায়েত (৫০), মো: ইকবাল (৩৩) এবং মো: আমিন (৩০)।
এ সময় তাদের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ১টি মটর সাইকেল, ৩ পিস ডিবির পোশাক, দুটি ওয়াকি টাকি, ৪ জোড়া হ্যান্ডকাপ এবং ২টি সিগনাল লাইট উদ্ধার করা হয়।
মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম জানান, ভুয়া ডিবি সদস্য সেজে সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে রাজধানী ঢাকা এবং এর আশেপাশে ডাকাতি, দস্যুতা, ছিনতাই, রাহাজানিসহ বিভিন্ন অপরাধ করে আসছে কয়েকটি সংঘবদ্ধ চক্র। এই প্রতারক চক্রের সদস্যরা মানুষকে চাঁদার জন্য তুলে নিয়ে যায়।
কারা এই প্রতারক চক্রের নেতৃত্ব দিচ্ছে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, সাধারণত যারা বিভিন্ন অপকর্মের কারণে আইনশৃঙ্খলা বাহিনী থেকে পদচ্যুত হয়েছে তারাই এই প্রতারণা চক্রের সাথে জড়িত এবং মূলত এই শ্রেণীর লোকজনই এসব অপকর্মের নেতৃত্ব দিচ্ছে।
ডিবি সদস্যদের চেনার উপায় কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়টি একটু ডিফিকাল্ট। তবে আমাদের পুলিশের ওয়েবসাইটে ডিবি সদস্যদের তালিকা রয়েছে। তাছাড়া যদি ডিবি সদস্যদের সন্দেহ হয় তবে নিকটস্থ থানা পুলিশে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যাবে।
রাজধানীতে কি পরিমাণ ভুয়া ডিবি সদস্য রয়েছে এমন প্রশ্নে যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেন, রাজধানীতে আসল ডিবি সদস্যের চাইতে ভুয়া ডিবি সদস্যই বেশি।

[b]ঢাকা, জেইউ, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর/ এফএ
[/b]