নড়াইল সদর থানা পুলিশ আন্ত:জেলা অজ্ঞান পার্টির এক সদস্যকে আটক করেছে। আটকের সময় অচেতন করার কাজে ব্যবহৃত নানা ধরণের কেমিকেল, ট্যাবলেট, মাদক ও বিভিন্ন মোবাইল কোম্পানীর ৪২টি সিম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নড়াইল, যশোর,খুলনা গোপালগঞ্জ সহ পার্শ্ববর্তী জেলা সমুহে একটি অজ্ঞান পার্টি সক্রিয় ভাবে কাজ করছিল। তারা সুকৌশলে মানুষের সর্বস্ব লুট করে আসছিল। তাদের ধরার ব্যাপারে নড়াইল পুলিশের গোয়েন্দা তৎপরতা অব্যাহত ছিল।
গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার (৩ মে) নড়াইল সদর থানার ওসি আনোয়ার হোসেন’র নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার মিরাপাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে পুলিশ আবু সাঈদ নামে অজ্ঞান পার্টির এক দল নেতাকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সাঈদের বসত ঘরে তল্লাশি চালিয়ে অচেতন করার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, মাদক ও মোবাইল সিম উদ্ধার করে পুলিশ।
আটককৃত সাঈদ অজ্ঞান পার্টিকে সংগঠিত করে দীর্ঘদিন যাবত সাধারণ মানুষকে সর্বশান্ত করে আসছিল। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
হুমায়ুন কবীর রিন্টু/এসএম





